শিরোনাম

বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা-ভর্তি কার্যক্রম চালাতে পারবে অনলাইনে

করোনার কারণে দীর্ঘ ছুটি পুষিয়ে নিতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে এক ভ্যার্চুয়াল বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তিনি এ আহ্বান জানান।
বৈঠকে ডা. দীপু মনির সঙ্গে যুক্ত হন উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস, সেমিস্টার ফাইনাল ও অন্যান্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম কীভাবে চালাতে পারবে সে বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে গাইডলাইন ঠিক করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা কীভাবে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে পারি, সে বিষয়ে আলোচনা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে একটি গাইডলাইন তৈরি করা হবে কীভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া যায়।
বৈঠক সূত্রে জানা গেছে, অনলাইনে ক্লাস ছাড়াও সেমিস্টার ফাইনাল ও অন্যান্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম চালাতে উপায় খুঁজতে বলা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে শিক্ষার্থীর মূল্যায়ন, পরীক্ষা ও কখন কীভাবে ভর্তি পরিচালনা করবে, সে বিষয়ে করণীয় নির্ধারণ করতে বলা হয়। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় একটি গাইডলাইন তৈরি করে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
গত ২৩ মার্চ অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করে ইউজিসি। গত ২১ এপ্রিল সর্বশেষ পরিস্থিতি জানতে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দিয়ে তথ্য চায় সংস্থাটি। চিঠিতে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে কিনা, কতগুলো বিভাগে নেওয়া হচ্ছে এবং ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতির হার কত এসব বিষয় জানতে চায় ইউজিসি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠানো প্রতিবেদন উল্লেখ করে ইউজিসি মন্ত্রণালয়কে জানায়, দেশের ৬৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নিচ্ছে। আর সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় এতে অংশ নিচ্ছে।

No comments